মামলা করে পরিবার গ্রামছাড়া
ছেলে হত্যার বিচারের দাবিতে মামলা করে গ্রামছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে ভ্যানচালক আবদুল মান্নানের পরিবার। ছেলে আল-মামুনকে পড়ার টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
হত্যার বিচার চেয়ে আদালতে আবেদন করায় এখন সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁদের। শুধু মান্নান একা নন; আদালতে তাঁর দায়ের করা আরজিতে যাঁরা সাক্ষী হয়েছেন, তাঁদেরও গ্রাম ছাড়তে হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সাক্ষীদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও। আবদুল মান্নানের পাশে দাঁড়ানোয় ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেনকেও সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। অনেকে ঈদ উপলক্ষেও বাড়িতে ফিতে পারেননি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামে খুন হয় মান্নানের ছেলে নবম শ্রেণীর ছাত্র আল-মামুন। মামুন সারা দিন ভ্যান চালিয়ে নিজের পড়ার খরচ জোগাড় করত। ঘটনার দিনও ভ্যান চালিয়ে বাড়ি ফিরে রাতে পড়তে বসেছিল সে। এ সময় গ্রামের পাতাহার আলী, তোবারক হোসেন, পিন্টু সিকদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর গ্রামের পাশে মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবদুল মান্নান মামলায় অভিযোগ করেছেন, তাঁর চাচা শহিদুল ইসলামকে ইতিপূর্বে ওই সন্ত্রাসীরা মারধর করে। এ নিয়ে অন্যদের মতো আল-মামুনও প্রতিবাদ করেছিল। এর পর থেকেই সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা করে।
১৪ অক্টোবর ফুলহরি গ্রামের আল-মামুনদের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাদের টিনের ঘরটি তালাবদ্ধ। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পাশের বাড়ির এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ছেলেটি মারা যাওয়ার পর তার বাবা মামলা করেন। এ কারণে সন্ত্রাসীরা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এ জন্য তাঁরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।
আবদুল মান্নান জানান, পুলিশ সুরতহাল করার সময় একটি কাগজে তাঁর স্বাক্ষর করিয়ে নেয়। পরে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ জানায়, অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। এই মামলা মানতে না পেরে ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহের বিচারিক হাকিমের আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাতাহার, তোবারক, পিন্টু, তালেবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে শৈলকুপা থানার পুলিশকে নির্দেশ দেন।
এ ব্যাপারে মুঠোফোনে আবদুল মান্নান বলেন, মামলা করার খবর পেয়ে গ্রামের বাজারে তাঁকে মারধর করার জন্য খোঁজ করে সন্ত্রাসীরা। এরপর তিনি বাড়ি ফিরলে গ্রামের অনেকেই বাড়িতে হামলা হতে পারে বলে জানান। জীবন বাঁচাতে ওই রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। গ্রামের বাজারে অবস্থিত আবদুল মান্নানের স্বজন মনছুর আলী, জামাল মিয়া, শহিদুল ইসলাম, বজলু মিয়া, ফজলুর রহমানসহ বেশ কয়েকজনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউপি সদস্য আমির হোসেন জানান, শুধু অসহায় পরিবারটির পক্ষ নেওয়ায় তাঁকেও বাড়ি ছেড়ে পালাতে হয়েছে।
এ ব্যাপারে পাতাহার আলী বলেন, আবদুল মান্নান তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন; যে কারণে দু-একজন কিছু কথা বলতে পারেন। তবে মারধর বা বাড়িতে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা মামলা করে তাঁরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাদীপক্ষ আদালতে মামলা করেছে কি না, সেটা তাঁদের জানা নেই। তা ছাড়া আদালতের কোনো নির্দেশ এখনো তাঁরা পাননি। আর আবদুল মান্নানের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না।