চট্টগ্রামে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, সরকার সারা দেশে হত্যা, গুমের পাশাপাশি জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে। কিন্তু মামলা, হামলার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করা যাবে না। চট্টগ্রাম থেকেই সরকারের পতন ঘটানো হবে। গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা ও মহানগর বিএনপি আলাদাভাবে একই জায়গায় বিক্ষোভ সমাবেশ করে। উত্তর জেলার সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহসভাপতি নাজিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলার জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী। উত্তর জেলার কর্মসূচির পর নগর বিএনপির নেতা শামসুল আলমের সভাপতিত্বে আরেকটি সভা হয় নাসিমন ভবন চত্বরে। এতে বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎহোসেন, বিএনপির নেতা আবু সুফিয়ান, মাহবুবুর রহমান, আবুল হাশেম, মোশাররফ হোসেন প্রমুখ।সমাবেশে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, গুম-হামলা-মামলা করে কোনো স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি। মন্ত্রী সুরঞ্জিতের দুর্নীতি ধামাচাপা দিতে সরকার বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করেছে। অন্যদিকে ইলিয়াসকে ফেরত পাওয়ার গণ-আন্দোলন দমাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলা করেছে সরকার। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎহোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা নাটক করে সরকার চলমান গণ-আন্দোলন দমাতে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ঘরছাড়া করেছে। আর ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে বিএনপির নেতাদের জামিন আবেদনের শুনানিতে বিব্রত হচ্ছেন বিচারপতিরা। জনবিচ্ছিন্ন সরকার পাগল হয়ে গেছে।