মামলা করে বিপাকে নিহতের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সুমিতা মণ্ডলকে (২৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে তাঁর পরিবার। মামলা দায়েরের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মামলার একমাত্র আসামি সুমিতার কথিত প্রেমিক সুজন মণ্ডলকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলা প্রত্যাহারের জন্য সুজন মণ্ডলের লোকজন সুমিতার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুমিতার ভাই আলবার্ট মণ্ডল।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের গাব্রিয়েল মণ্ডলের মেয়ে সুমিতা মণ্ডল উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে সেবিকা পদে চাকরি করতেন। হাসপাতালেই থাকতেন তিনি। একই গ্রামের তুষ্ট মণ্ডলের ছেলে সুজন মণ্ডলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার (নয়াপাড়া) এলাকার ডিএমসি কারখানায় ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। তাঁর বসবাস ছিল কারখানার ভেতরের একটি কক্ষে। সুমিতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রী পরিচয় দিয়ে সুজন প্রায়ই সুমিতাকে নিয়ে কারখানার ভেতরে রাতযাপন করতেন। গত ১১ ফেরুয়ারি রাতে সেখানেই সুমিতাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সুজন, নিয়ে যায় সুমিতার মুঠোফোন, স্বর্ণের গয়না ও টাকা। পরদিন কারখানার নিরাপত্তাকর্মীরা কক্ষে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহাল প্রতিবেদনে লেখা হয়, মৃতের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এবং মুখমণ্ডল ওপরের দিকে ও পা দুটি মেঝেতে লাগানো অবস্থায় ছিল।নিহতের বড় ভাই আলবার্ট মণ্ডল জানান, বোনের মৃত্যুর খবরে কিছু বুঝে উঠতে না পেয়ে তিনি প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেন। পরে বিষয়টি বুঝতে পেরে গত ১৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় সুজন মণ্ডলকে আসামি করে দায়ের করেন হত্যা মামলা। এরপর থেকে সুজনের পরিবার তাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে হত্যারও হুমকি দিচ্ছে। হয়রানি করার জন্য মেহেরপুরের একটি আদালতে তাঁদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, আসামি সুজনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। সুজনকে গ্রেপ্তারের জন্য মুজিবনগরেও লিখিত আবেদন পাঠানো হচ্ছে।