নেত্রকোনা সদর উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পরও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা করে বিপাকে পড়েছেন শিশুটির দিনমজুর বাবা ও পরিবারের সদস্যরা। ধর্ষকের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির মুখে ধর্ষণের শিকার শিশুটি ও তার এক বোনের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণী পড়ুয়া ১২ বছরের ওই শিশুকন্যা গত ২৩ জুন বিকেলে স্থানীয় মগড়া নদীতে গোসল করতে গেলে উপজেলার কাইলাটি ইউনিয়নের আবদুল্লাহ নামের এক যুবক তাকে নদীর তীরে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় আবদুল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।শিশুটির বাবা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এটা বিস্ময়কর যে, মামলার এত দিন পরও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলাটি তুলে নেওয়ার জন্য ধর্ষকের পরিবার প্রতিদিনই চাপ সৃষ্টি করছে। তাদের অব্যাহত হুমকির মুখে ওই শিশুটিসহ তাঁর উচ্চবিদ্যালয় পড়ুয়া আরেকটি মেয়ের লেখাপড়া বন্ধ হতে চলেছে। ভয়ে মেয়ে দুটি স্কুলে যেতে চাইছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।