মামলা করে বিপাকে, মাদ্রাসায় যেতে পারছে না ছাত্রীটি
যাতায়াতের পথে উত্ত্যক্তকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে শ্যামনগরের মাদ্রাসাছাত্রী আজমিরা সুলতানা। তাদের ভয়ে আজমিরা এখন মাদ্রাসায় যেতে পারছে না। শিক্ষকদের কাছে পড়তে যাওয়ার সাহসও পাচ্ছে না।
গতকাল রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে আজমিরা। সংবাদ সম্মেলনে তার বাবা আজিবর রহমানও উপস্থিত ছিলেন। আজমিরা শ্যামনগর উপজেলার রমজাননগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজমিরা জানায়, বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে মাদ্রাসায় প্রতিদিন হেঁটে যেতে হয় তাকে। চলার পথে রমজাননগরের মতিউর রহমান, আলমগীর শেখ ও নাজমুল গাজি তাকে প্রায়ই উত্ত্যক্ত করে।
আজমিরা জানায়, গত ২৪ মে দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই তিনজন তাকে লক্ষ্য করে অবান্তর ভাষায় কথা বলতে থাকে। তারা তার পথ রোধ করে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা তাকে জোর করে পাশের চিংড়িঘেরের বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় একজন মোটরসাইকেলচালক এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
আজমিরা আরও জানায়, সে ৩১ মে শ্যামনগর থানায় একটি মামলা করে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মামলার আসামিরা। তারা মামলা তুলে নেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করছে। ‘মামলা না তুললে তোর মুখ অ্যাসিডে পুড়িয়ে দেব’ বলে হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি বলছে, ‘রাস্তায় একা পেলে তোকে বাড়ি ফিরতে দেব না। মামলা করে কী করবি। টাকা দিলেই তো ফাইনাল হয়ে যাবে।’ আজমিরার অভিযোগ, মামলার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সে সাতক্ষীরার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে।
মামলার আসামি রমজাননগর গ্রামের আলমগীর শেখ মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি স্থানীয় রমজাননগর ইউপির আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলার অপর আসামি মতিউর রহমান তাঁর শ্যালক ও রমজাননগর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। রমজাননগর ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় বিরোধ রয়েছে। প্রতিপক্ষ তাঁদের নামে ওই মেয়েকে দিয়ে মামলা করিয়েছে। তাঁরা ওই মেয়েকে চেনেনও না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান জানান, মামলা নেওয়ার পর আসামিদের ধরতে ওই এলাকায় কয়েকবার অভিযান চালানো হয়েছে। আসামিরা ওই এলাকায় নেই। তাঁদের ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।