মামলা করে ১১ বছর পর সাক্ষ্য দিতে আদালতে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা করার এগারো বছর পর পুলিশের তিন কর্মকর্তা সোমবার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। এই তিনজনের মধ্যে আছেন মামলার বাদী, রেকর্ডকারী এবং তদন্ত কর্মকর্তা। সাত বছর আগে ঢাকার একটি আদালতে এই মামলার বিচার শুরু হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির ৬৩ জেলায় বোমা বিস্ফোরণের অংশ হিসেবে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবের সামনে বিস্ফোরণের ঘটানো হয়। পরদিন পুলিশ মামলা করে। বিচারিক কার্যক্রম শুরুর পর আদালত থেকে পুলিশসহ ৩৭ জন সাক্ষীর বিরুদ্ধে দফায় দফায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারপরও কোনো সাক্ষীকে আদালতে হাজির করেনি রাষ্ট্রপক্ষ। তবে ওই পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার তিনজনকে নিয়মিতভাবে কারাগার থেকে আদালতে হাজির করা হতো।

এই মামলার অন্যতম তদন্ত কর্মকর্তা ডিবির তৎকালীন পরিদর্শক (বর্তমানে র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই প্রথমবার আমি সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের কাগজ পেয়েছি। আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছি।’ সাক্ষ্য দেওয়া অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন, মামলার বাদী গুলশান থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহেদুল হক এবং মামলার রেকর্ডকারী গুলশান থানার তৎকালীন এসআই জিন্নাত আলী। বর্তমানে দুজনই পদোন্নতি পেয়ে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিস্ফোরক আইনে করা এই মামলার বাদী গুলশান থানার তৎকালীন এসআই জাহেদুল। মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ১ মার্চ জেএমবির পাঁচ সক্রিয় সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সেটি বিচারের জন্য পাঠানো হয় ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে জেএমবির পাঁচজনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ মে বিচার শুরু করেন। এরপর থেকে আদালত সাক্ষীর বিরুদ্ধে প্রথমে সমন জারি করে। কিন্তু কোনো সাক্ষীকে আদালতে হাজির করা হয়নি। এরপর থেকে আদালত মামলার তদন্ত কর্মকর্তাসহ ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ মাকসুদ প্রথম আলোকে বলেন, সাত বছর আগে আদালত জেএমবির পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু করেন। বিচার শুরুর পর আদালত থেকে সাক্ষীদের নামে প্রথমে সমন পাঠানো হয়। পরে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু কেন এত দিন সাক্ষীরা আদালতে হাজির হননি তা বলতে পারব না।

কৌঁসুলি মাকসুদ বললেন, বিচার শুরুর এত দিন পর পুলিশের তিন কর্মকর্তা আজ আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। একই সঙ্গে আদালত অপর ৩৪ সাক্ষীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জেএমবির তিন সক্রিয় সদস্য হলেন, আবদুল্লাহ আল সোহাইল, আবদুর রহমান এবং রেজাউল ইসলাম। তিনজনকে আজ আদালতে হাজির করা হয়। এঁদের মধ্যে সোহাইল জেএমবির এহসার সদস্য। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অপর দুই আসামি শুরু থেকে পলাতক। এঁরা হলেন: হাবিবুর রহমান ও মো. সাগর।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, এগারো বছর ধরে আসামিরা কারাগারে আছেন। কোনো সাক্ষীকে আদালতে হাজির করা হয়নি। এত বছর পর পুলিশের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।