মামলা করেই দায় সারে অধিদপ্তর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বার্মা কলোনি এলাকায় পাহাড় কেটে আবাসন প্লট নির্মাণের অভিযোগে ২০০৭ সালের ১৩ মার্চ স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। পরের বছরের জুন মাসে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর গত সাত বছরে এই মামলার নয় সাক্ষীর মধ্যে বাদী ছাড়া আর কেউ সাক্ষ্য দেননি।
মামলার আট সাক্ষীর মধ্যে চারজনই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও সাক্ষীরা ধার্য দিনে আদালতে হাজির হচ্ছেন না।
এই মামলার আট সাক্ষী হলেন পরিবেশ অধিদপ্তর ঢাকার জ্যেষ্ঠ রসায়নবিদ মোস্তাফিজুর রহমান আখন্দ ও পরিদর্শক সাইফুল আশ্রাফ, পরিবেশ অধিদপ্তর বরিশালের জ্যেষ্ঠ প্রতিবেদন কর্মী আবদুল মালেক মিয়া, পরিবেশ অধিদপ্তর সিলেটের কনিষ্ঠ রসায়নবিদ সাইফুল ইসলাম, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ফজলুল হক, আবুল কালাম, মুসলিম উদ্দিন ও নুরুল আলম। ঘটনার সময়ে ওই চার কর্মকর্তা চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। পরে তাঁরা বদলি হয়ে যান। সাক্ষ্য দিয়েছেন শুধু মামলার বাদী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের জ্যেষ্ঠ রসায়নবিদ মকবুল হোসেন।
এ মামলায় সর্বশেষ গত ৫ মার্চ সাক্ষ্য নেওয়ার দিন ধার্য থাকলেও সাক্ষীরা হাজির হননি। ১৮ জুন মামলায় সাক্ষ্য নেওয়ার পরের দিন ধার্য রেখেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক মিজানুর রহমান।
চট্টগ্রাম পরিবেশ আদালতের সরকারি কৌঁসুলি বদরুল আলা প্রথম আলোকে বলেন, খোদ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় পাহাড় কাটার এই মামলার মতো অনেক মামলারই বিচার এগোচ্ছে না।
কেন সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন না জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর ঢাকার পরিদর্শক সাইফুল আশ্রাফ গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরি করি। অনুমতি না পেলে কাজ ফেলে যেতে পারি না।’ সাত বছরে একবারও অনুমতি মেলেনি—এ প্রশ্নের জবাবে জানান, কিছুদিন শিক্ষা ছুটিতে ছিলেন তিনি। আদালতে হাজির হতে তিনটি সমন পেয়েছেন। অনুমতি পেলে আগামী ধার্য দিনে সাক্ষ্য দিতে হাজির হবেন।
২০০২ সালের ১৬ মার্চ চট্টগ্রামে পরিবেশ আদালত প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মামলা হয়েছে ৪০১টি। এর মধ্যে অধিকাংশই পাহাড় কাটা, অবৈধ ইটভাটা, পলিথিন, বায়ুদূষণ, পোলট্রি ফার্ম দূষণ ও জলাশয় ভরাট-সংক্রান্ত মামলা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২৬১টি মামলা এখনো বিচারাধীন রয়েছে।
সরকারি কৌঁসুলি জানান, শুধু সাক্ষীরা হাজির না হওয়ায় অর্ধশত মামলার বিচার ঝুলে আছে। এ পর্যন্ত চট্টগ্রাম পরিবেশ আদালতে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৪০টি মামলা।
সাক্ষী হাজির না হওয়ার বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, পরিবেশ আদালতের বিভিন্ন মামলার সাক্ষীদের আদালতে হাজির করতে থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার নথিতে সাক্ষীদের যে ঠিকানা উল্লেখ থাকে, বেশির ভাগ ক্ষেত্রে ওই ঠিকানায় তাঁদের পাওয়া যায় না।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম পরিবেশ আদালতে নিষ্পত্তি হওয়া ১৪০টি মামলার মধ্যে ২৯টিতেই খালাস পেয়েছেন আসামিরা। আদালত চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুটি মামলায় সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। জামাল খান এলাকায় পাহাড় কাটার অভিযোগে করা মামলায় ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর আদালত সরোয়ার আলম নামের এক ব্যক্তিকে পাঁচ বছরে সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া গত বছরের ৮ জুলাই আরেকটি মামলার রায়ে তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন না করা ও পরিবেশের ছাড়পত্র না নেওয়ায় আবু মোহাম্মদ নামের একজন ট্যানারি মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সাজা দেন আদালত।
পরোয়ানা পেলেও সাক্ষীদের হাজির করতে পুলিশের ব্যর্থতা, আসামিদের গ্রেপ্তার না করা, তদন্ত ও সাক্ষ্য দিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতি এবং সরাসরি পরিবেশ আদালতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে না পারার কারণে অনেক ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মনে করেন চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি শফিউল মোরশেদ চৌধুরী। তিনি জানান, পরিবেশ সংরক্ষণ আইনে (সংশোধিত) পাহাড় কাটাসহ পরিবেশ বিপর্যয়ের অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। অথচ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এ পাহাড় কাটাসহ পরিবেশ বিপর্যয়ের অপরাধে সর্বোচ্চ সাজা ১০ বছর অথবা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান ছিল। আসামির জামিন ছিল জামিন অযোগ্য ধারায়। পরে ২০১০ সালে আইনটি সংশোধন করে সাজা কমিয়ে দুই বছর করা হয়।
পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরিফ চৌহান বলেন, আইনে সাজা কম হওয়ায় পরিবেশ ধ্বংসকারী ব্যক্তিরা উৎসাহিত হচ্ছে। আর সাজা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। সাক্ষ্য দিতেও আসছেন না খোদ পরিবেশ অধিদপ্তরের অনেক কর্মকর্তা। এসব কারণে বছরের পর বছর বিচার ঝুলে থাকে।
তবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন জানান, বদলি হওয়ার কারণে অনেক কর্মকর্তা সাক্ষ্য দিতে হাজির হতে পারেন না। সাক্ষীরা যাতে মামলার ধার্য দিন হাজির থাকেন সে চেষ্টা চলছে।