মামলা করেছেন ছেলে, কোনো গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় এক নারীকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই নারীর ছেলে নয়ন আহাম্মেদ মামলাটি করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লতিফপুর এলাকায় প্রভাবশালী ও মাতব্বর মো. জালাল উদ্দিন আহমেদ গত সোমবার সকালে ওই নারীকে ডেকে পাঠান। ওই নারী সাড়া না দেওয়ায় জালাল উদ্দিন নিজে তাঁর বাড়িতে যান। সেখানে প্রতিবেশী হোসেন খান ও তাঁর বোনের সহায়তায় জালাল উদ্দিন তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা মুঠোফোনে ঘটনাটি রেকর্ড করেন।
পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ বিষয়টি তদন্ত করে গতকাল মামলা হিসেবে রুজু করেন। মামলায় জালাল উদ্দিন, হোসেন খান ও আমেনা বেগম নামের তিনজনকে আসামি করা হয়েছে। ওই নারী বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল সকালে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওই গৃহবধূকে সব সহায়তা দেওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন। থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
নিন্দা ও প্রতিবাদ: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তির লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ, ওই নারীর সুচিকিৎসা এবং তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।