১১ বছরের শিশু রবিউল আউয়াল হত্যা মামলা কিশোর আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বরগুনার জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামানের আদালত। গত বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেন।
বরগুনা জেলার সরকারি কৌঁসুলি ভুবন চন্দ্র হাওলাদার বলেন, গতকাল বরগুনার দায়রা জজ আদালতে রবিউল হত্যা মামলাটির অপরাধ গ্রহণযোগ্যতার শুনানির দিন ছিল। বিচারক মামলাটি কিশোর আদালতে বিচারের জন্য স্থানান্তরের আদেশ দেন এবং ১৪ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এ সময় মামলার একমাত্র আসামি মিরাজ হোসেনের পক্ষে তাঁর আইনজীবী সাইফুর রহমান জামিনের আবেদন করলে এর শুনানি হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২৩ আগস্ট আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে তালতলী থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা বাবুল আকতার মিরাজকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেন। গত ৯ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন।
তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে রবিউল ৩ আগস্ট রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন সন্ধ্যায় স্থানীয় লখনার খালে তার লাশ পাওয়া যায়। রবিউলের বাবা মামলা দায়েরের পর মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।