বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা চলেশ রিছিলের নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দীর্ঘ নয় বছরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তাঁর মৃত্যু হওয়ার ঘটনায় হত্যা মামলাটি গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুপুর গড়ের বেরিবাইদ গ্রামে চলেশের সমাধিতে গতকাল সকালে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বিশেষ খ্রিষ্টীয় প্রার্থনার আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, বাগাছাসের কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল মানকিন, ঢাকা মহানগর কমিটির পক্ষে আলিফ মৃ, উন্নয়ন কর্মী মিঠুন জাম্বিল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা দীর্ঘ নয় বছরেও চলেশ হত্যা মামলাটি পুলিশ তালিকাভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে ঘোষণা দেন।