মামলা, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরে শিশু গৃহকর্মীকে (১২) নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এদিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত বুধবার রাতে চৌমুহনী শহরের উত্তর হাজিপুরের নাপিতের পোল এলাকা থেকে গৃহকর্মীকে (১২) উদ্ধার করা হয়। গৃহকর্তা সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী নিনুবা বেগম খুন্তি গরম করে শিশুটির হাতে-পায়ে ছ্যাঁকা দেয় এবং শরীরে গরম পানি ঢেলে দেয় বলে অভিযোগ উঠেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, শিশুটির হাতে ও পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসানো। শিশুটিকে গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে গৃহকর্তা সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী নিনুবা বেগমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন বলেন, ওই দম্পতি পালিয়ে গেছেন। তাঁদের চৌমুহনী শহরের উত্তর হাজিপুর এলাকার বাসায় তালা দেওয়া। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।