মামলা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় যানবাহন ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির আট নেতা-কর্মীকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের দুই মামাতো ভাই আবদুল মালেক ও আবদুল খালেকও রয়েছেন। অন্যরা হলেন বিএনপির কর্মী মো. নাছির, কবির হোসেন, রমিজ আহমদ, আবদুল হামিদ, দেলোয়ার হোসেন ও মোশারফ হোসেন।
পুলিশ জানায়, সালাহ উদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক করার প্রতিবাদে বুধবার রাতে পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ৩৮টি গাড়ি ভাঙচুর করেন। আটকের প্রতিবাদে পেকুয়ায় অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে উপজেলা ছাত্রদল।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, ভাঙচুরের ঘটনায় পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, পেকুয়া পূর্বজোন বিএনপির সভাপতি মাহবুবুল করিম, পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউছুফ রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, পেকুয়া সদর যুবদলের সাধারণ সম্পাদক ইমরুল হাসানসহ ৩১ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় আরও ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পেকুয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা নাশকতা কিংবা যানবাহন ভাঙচুর করবে, তাদের গ্রেপ্তার করা হবে।