মামলা, চালক কারাগারে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মো. সৈয়দকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের আকবর শাহ থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
শনিবার সকালে চট্টগ্রাম নগরের প্রবেশমুখে সিটিগেট এলাকায় ট্রাকচাপায় ওয়াহিদুল হাসান ও দেলোয়ার হোসেন নামের দুই কলেজছাত্র নিহত হন। তাঁরা দুজনই উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, আদালতের মাধ্যমে ট্রাকচালক মো. সৈয়দকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। গতকাল সকালে নগরের সিটিগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁরা কলেজের আশপাশে থাকা সব গুদাম অপসারণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভারব্রিজ, গতিপ্রতিরোধক স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিয়োজিত করার দাবি জানান।
মানববন্ধনে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, দিনেদুপুরে ট্রাকচাপা দিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করাকে দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। এটি চালকের অদক্ষতার কারণে হত্যাকাণ্ড। দোষী ব্যক্তিদের শাস্তি এবং নিহত দুই ছাত্রের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
নগর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছিন আরাফাত, নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।