মামলাজট কমাতে ব্যবস্থা নিতে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মামলাজট কমাতে বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের কাজের তদারকি জোরদার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে ।

আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।
সভায় বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশনসহ মামলার জট দূর করতে সান্ধ্য কোর্ট চালুর সম্ভাব্যতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খবর বাসসের।
সভায় মামলার জট কমিয়ে আনতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি লজিস্টিক সাপোর্ট প্রদান, জেলা বিচারকদের স্টেশন ছেড়ে যাওয়ার প্রবণতা রোধ, বিচারকদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও তৎপর করাসহ প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
সভায় দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও পরিবর্তন, দীর্ঘ বিচারাধীন মামলার জট কমিয়ে আনতে এবং মৌলিক মানবাধিকার পরিস্থিতির আইনগত দিক পুনঃনিরীক্ষণ ও আইন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আইন কমিশনকে গঠনমূলক, সৃজনশীল এবং একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, মো. শামসুল হক টুকু, মো. আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস ও মো. জিয়াউল হক মৃধা সভায় অংশগ্রহণ করেন।