মামলা জটিলতায় স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার জটিলতায় চট্টগ্রাম নগরের কাপাসগোলা সড়কের একাংশ সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ করা যাচ্ছে না। স্থবিরতা বিরাজ করছে সড়কের সম্প্রসারণ ও উন্নয়নকাজে। ফলে নিয়মিত যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই সড়কের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ২০০৯-১০ অর্থবছরে ৮২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কার্যক্রম শুরু করে। এই প্রকল্পের আওতায় নগরের গণি বেকারি মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন করা হচ্ছে।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. মিছবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বাসিন্দারা ভূমি অধিগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অন্তত ১০টি মামলা করেছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাঁদের জায়গায় কাজ করা সম্ভব হচ্ছে না।’
এদিকে জায়গার ক্ষতিপূরণের অর্থ ঠিকভাবে পরিশোধ করলে মামলা প্রত্যাহারের পাশাপাশি জায়গা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন বাদীরা।
মোহাম্মদ ইসমাইল চৌধুরী নামের এক বাদী প্রথম আলোকে বলেন, ‘সিডিএ আমাদের কোনো ধরনের নোটিশ না দিয়ে কিংবা বৈঠক না করে জোরজবরদস্তি করে জায়গা নেওয়ার চেষ্টা করছে। সিডিএ যদি ঠিকভাবে টাকা পরিশোধ করে, তাহলে আমরা রাস্তার জন্য জায়গা ছেড়ে দেব।’
তবে জোরজবরদস্তির বিষয়টি অস্বীকার করেছেন মিছবাহ উদ্দিন। তিনি বলেন, ‘বাদীদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছি। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হবে।’
সিডিএ সূত্রে জানা গেছে, কাপাসগোলা সড়কের গণি বেকারি থেকে চকবাজারের অলি খাঁ মসজিদ এবং বহদ্দারহাট মোড় থেকে বাদুড়তলার বড় গ্যারেজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ ও উন্নয়নকাজ শেষ হয়েছে।
নগরের বাদুড়তলা এলাকার আবদুর রহমান নামের এক কাঠ ব্যবসায়ী বলেন, ‘সকাল থেকে শুরু হওয়া যানজট লেগে থাকে রাত পর্যন্ত। ধুলাবালুর কারণে দোকানে বসতে কষ্ট হয়। আর বর্ষার সময় এই রাস্তা দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়ে।’
গত বছরের ১২ অক্টোবর চট্টগ্রাম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিডিএর অন্যান্য প্রকল্পের সঙ্গে গণি বেকারি থেকে অলি খাঁ মসজিদ পর্যন্ত সড়কের উদ্বোধন করেছিলেন।
কাপাসগোলা সড়কের প্রকল্প পরিচালক মিছবাহ উদ্দিন জানান, এই এলাকায় ভূমি অধিগ্রহণের জন্য ২০১০-১১ অর্থবছরে চট্টগ্রাম জেলা প্রশাসনকে ১৮ কোটি টাকা দেওয়া হয়েছিল। ভূমি অধিগ্রহণের বিষয়টি এত দিনে নিষ্পত্তি না হওয়ায় গত মার্চে টাকা ফেরত নেওয়া হয়েছে।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, আধা কিলোমিটার সড়কের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো জসিম অ্যান্ড সন্স, এম এইচ ইন্টারন্যাশনাল এবং এম এন আলম ব্রাদার্স।
মিছবাহ উদ্দিন বলেন, মামলাজনিত অংশ ছাড়া বাকি সড়কের সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে সড়কের উন্নয়নকাজ শুরু হবে। এ কাজ শেষ করতে তিন মাস সময় লাগবে। কাপাসগোলা সড়কের এই অংশটি বৃষ্টিতে প্রায় সময় তলিয়ে যায়। এ জন্য সড়কটি বর্তমান অবস্থান থেকে প্রায় দুই ফুট উচুঁ করা হবে।