ঢাকা ও এর চারপাশের থানাগুলোতে তিতাসের অবৈধ গ্যাসলাইন স্থাপনের ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। গত প্রায় আট মাসে অবৈধ গ্যাসলাইনের তিন শতাধিক ঘটনা চিহ্নিত করেছে তিতাস। প্রতিটি ঘটনায় থানায় মামলা ও জিডি করার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু প্রায় দুই শ ঘটনায় পুলিশ কেবল অভিযোগ নিয়েছে। বাকি ঘটনায় সাতটি মামলা ও ৫০টি জিডি হয়েছে।
এসব ঘটনার মধ্যে বর্তমান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গত সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী থাকার সময়ে ‘সাভার-ভাকুর্তা ইউনিয়নে গ্যাস-সংযোগ’ নামে যে লাইনটির উদ্বোধন করেছিলেন, সে ঘটনায়ও তিতাস জিডি করেছিল। কেরানীগঞ্জ মডেল থানায় করা ওই জিডির নম্বর ২৮০। তারিখ ০৮/১০/১৩। তবে ওই জিডিতে কামরুল ইসলামের নাম উল্লেখ করা হয়নি। সন্দেহভাজন হিসেবে এলাকাবাসী ও বারেক গাজীর নাম ছিল।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রোববার থানার উপপরিদর্শক (এসআই) মো. সবজল বলেন, কিছু কিছু জিডির ক্ষেত্রে আদালতের নির্দেশ সাপেক্ষে তদন্তে যেতে হয়। কিন্তু আদালত থেকে এ পর্যন্ত তেমন কোনো নির্দেশ পাওয়া যায়নি।
জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র জানায়, তিতাসের মামলা ও জিডির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও গত কয়েক দিন প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে অবৈধ গ্যাসলাইন সম্পর্কে খবর প্রকাশিত হওয়ায় সরকার কঠোর ব্যবস্থা নিতে চাচ্ছে। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি মন্ত্রণালয়ে টেলিফোন করে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় থেকে পেট্রোবাংলা ও তিতাসের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, অবৈধ লাইন ও সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যাবেন।
সরকারের উচ্চপর্যায়ের ওই নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল থেকেই তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা ও এর চারপাশের জেলাগুলোর প্রশাসনের সহায়তার অপেক্ষায় ছিলেন। কিন্তু এসএসসি পরীক্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল শুধু সাভারে একটি ছাড়া আর কোনো অভিযান চালানো যায়নি। তবে আজ, আগামীকাল এবং যেদিন স্থানীয় প্রশাসনের সহায়তা পাওয়া যাবে, সেদিনই এ অভিযান চলবে।
তিতাস সূত্র জানায়, একজন ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় গতকাল সাভারের তেতুলঝোড়া এলাকায় প্রায় ২৫০ ফুট অবৈধ লাইন অপসারণ করা হয়। এ সময় একটি পোশাক কারখানা ও একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস-সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ধামরাই এলাকায় অবৈধভাবে বসানো কয়েক শ ফুট লাইন সংশ্লিষ্ট ব্যক্তিরাই স্বতঃপ্রণোদিত হয়ে তুলে ফেলেছেন।
এ ছাড়া টঙ্গী অঞ্চলে কর্মরত তিতাসের দুই কর্মচারী—আবদুর রহিম ও খোরশেদ আলম পাটোয়ারীকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে অবৈধ সংযোগ নেওয়া কয়েকজন গ্রাহকের জবানিতে তাঁদের নাম প্রকাশের পর তিতাস কর্তৃপক্ষ তাঁদের বিষয়ে খোঁজ নিয়ে ও পরীক্ষা-নিরীক্ষা করে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবৈধ লাইন বসানো ও সংযোগ বন্ধ করার জন্য যে পর্যায়ে যেটুকু করার ক্ষমতা আমাদের আছে, সেটুকু আমরা করে যাচ্ছি। কিন্তু স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ সহায়তা ছাড়া অবৈধ লাইন অপসারণ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’