তদন্তে ত্রুটি ও সাক্ষী হাজির না হওয়ায় চট্টগ্রাম পরিবেশ আদালতে মামলা নিষ্পত্তি হচ্ছে শ্লথ গতিতে। ফলে শত শত মামলা ঝুলে আছে বছরের পর বছর। এতে পার পেয়ে যাচ্ছেন পরিবেশ ধ্বংসকারীরা।
তদন্তে ত্রুটির কারণে অনেক মামলায় রাঘববোয়ালদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাচ্ছে না বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান। প্রতিষ্ঠার ১৩ বছরে চট্টগ্রাম পরিবেশ আদালতে নিষ্পত্তি হয়েছে মাত্র ১২৫টি মামলা।
চট্টগ্রাম পরিবেশ আদালতের বিশেষ পিপি বদরুল আলা প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির না হওয়ায় মামলা নিষ্পত্তি হচ্ছে না। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে ত্রুটির কারণে আসামিরা পার পেয়ে যান। অনেক সময় ঘটনার সঙ্গে জড়িত রাঘববোয়ালদেরও বাদ দেওয়া হয়। তদন্তে ত্রুটি থাকা অনেক মামলা পুনরায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। সাক্ষীদের হাজির করে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পুলিশ ও পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।
সাক্ষী হাজির না হওয়া প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ‘পরিবেশ আদালতের মামলাগুলোর সাক্ষীদের গুরুত্ব দিয়ে হাজির করতে স্ব স্ব থানার ওসিদের সঙ্গে কথা বলেছি। তবে বেশির ভাগ সাক্ষীকে ওই ঠিকানায় পাওয়া যাচ্ছে না।’
পরিবেশ আদালত সূত্র জানায়, বর্তমানে ২৩৪টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১০০টির বেশি পাহাড় কাটা আইনে মামলা রয়েছে। অন্য মামলাগুলোর শুনানি চলছে। তদন্তে ত্রুটি থাকায় পুনরায় তদন্তের জন্য পাঠানো, দেরিতে তদন্ত প্রতিবেদন আসা ও সাক্ষীদের অনুপস্থিতির কারণে বছরের পর বছর ঝুলে আছে মামলাগুলো।
নগরের খুলশী আকবর শাহ মাজার এলাকায় পাহাড় কাটার অভিযোগে ২০০৭ সালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা সাইফুল আশরাফ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন। কিন্তু ২০০৯ সালে বিচার শুরুর পর থেকে এ মামলার সাক্ষী মো. মিয়া, হোসনে আরা বেগম, আবুল হোসেন ও রবিউল হোসেন সাক্ষ্য দিতে আদালতে হাজির হচ্ছেন না। তাঁদের বিরুদ্ধে প্রথমে সমন, পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ হাজির করতে পারছে না।
তবে পুলিশের দাবি, সাক্ষীদের ঠিকানায় তাঁদের পাওয়া যাচ্ছে না। একইভাবে কক্সবাজারে একটি পাহাড় কাটা মামলায় সাক্ষী মাহমুদুল হক, ফরিদুল শাহী ও জহিরুল ইসলাম চার বছর ধরে সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন না আদালতে।