মামলা ঠেকাতে যাত্রীদের জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করতে আবারও সাধারণ যাত্রীদের জিম্মি করার কৌশল নিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিকেরা। গতকাল রোববার থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন তাঁরা। নেতারা এই ধর্মঘট সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
২১ জেলায় ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ২০১১ সালে মিশুক মুনীর ও তারেক মাসুদের গাড়িকে ধাক্কা দেওয়া চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জমির হোসেনের মুক্তির দাবিতে ধর্মঘট ও ঢাকায় সমাবেশ করেছিল মালিক-শ্রমিক সংগঠনগুলো। ঢাকার সমাবেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সোচ্চার হওয়া নাগরিক সমাজের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দুর্ঘটনাজনিত হত্যার অভিযোগে করা মামলায় জমির হোসেন এখন জামিনে মুক্ত আছেন। মানিকগঞ্জ আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। এ ঘটনায় দুর্ঘটনাজনিত হত্যার মামলা হয় মানিকগঞ্জে। পরে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী মোটরযান আইনের ১২৮ ধারায় প্রায় ১৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। এতে পরিবহনের মালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানিকে আসামি করা হয়। এই দুটি মামলা সম্প্রতি মানিকগঞ্জ আদালত থেকে হাইকোর্টে স্থানান্তর করা হয়। এতে মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েন। কাল মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে।
এর বাইরে ২০১১ সালের সেপ্টেম্বরে সিলেটে গ্রীণ লাইন পরিবহনের সঙ্গে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজনের প্রাণহানি হয়। এ ঘটনায় সিলেটে প্রায় ১৩ কোটি টাকার দুটি ক্ষতিপূরণের মামলা হয়।
মালিক শ্রমিক সংগঠনগুলো সূত্র জানায়, সব মিলিয়ে ২৬ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা চলছে। এসব মামলা আটকে দেওয়ার লক্ষ্যেই ধর্মঘট ডাকা হয়েছে।
জানতে চাইলে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, এভাবে ধর্মঘট ডেকে চাপ প্রয়োগ করা মালিক-শ্রমিকদের পুরোনো কৌশল। এ জন্যই অপরাধ করেও চালকদের কোনো শাস্তি হয় না। তিনি বলেন, নতুন মোটরযান আইনের যে খসড়া হয়েছে, তাতে শুরুর দিকে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মর্যাদা অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেটা পরে রাখা হয়নি।
মালিক-শ্রমিক সূত্র জানায়, ধর্মঘটের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আর মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান।
জানতে চাইলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, জজ আদালতে বিচার না পেলে তাঁরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু এর আগেই হাইকোর্টে স্থানান্তর হতে পারে না। এ জন্যই তাঁরা ধর্মঘট ডেকেছেন। ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষে মালিক-শ্রমিকেরা পরবর্তী করণীয় ঠিক করবেন।
প্রথম আলোর খুলনা ও ফরিদপুর অফিস এবং চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে এ অঞ্চলের যাত্রীরা। দূরপাল্লায় ট্রেনে ও কাছের জেলাগুলোতে ইজিবাইক ধরে কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও অনেককেই যাত্রা বাতিল করতে হয়েছে।
বিভাগের সবচেয়ে বড় বাস টার্মিনাল খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে গতকাল সকালে গিয়ে দেখা যায়, ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরের বিভিন্ন স্থানে সড়কের পাশে মালভর্তি ও খালি ট্রাক দাঁড়িয়ে আছে। নগরে কোনো ধরনের থ্রি হুইলারও চলছে না।
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্যসচিব এবং এই অঞ্চলে ধর্মঘট কর্মসূচির সমন্বয়কারী আবদুর রহিম বকসের সঙ্গে বিকেলে কথা হয়। তিনি বলেন, ‘এই ধর্মঘট পরিবহন খাতের অস্তিত্বের লড়াই। দুটি দুর্ঘটনায় প্রায় ২৬ কোটি টাকার দুটি ক্ষতিপূরণ মামলা হয়েছে, যা চালানো আমাদের পক্ষে সম্ভব না।’ তিনি বলেন, সড়ক দুর্ঘটনার আইনেই দুর্ঘটনার মামলা চলতে পারে। বিশেষ ব্যক্তির জন্য আলাদা আইন হতে পারে না। বিষয়টি নিয়ে সরকার না বসলে ধর্মঘট চলবে।
শনিবার বিকেলে ফরিদপুরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের দক্ষিণাঞ্চলের ১১ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি। যশোরে আরেকটি সংবাদ সম্মেলন করে দক্ষিণবঙ্গের আরও ১০টি জেলায় একই দাবিতে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।
ঐক্য পরিষদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ: তারেক মাসুদের স্ত্রী ক্যাথেরিন মাসুদ ও মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী তাঁদের আইনজীবীদের মাধ্যমে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারি করেছেন। নোটিশে সড়ক দুর্ঘটনায় তাঁদের স্বামী হারানোর ঘটনায় করা ক্ষতিপূরণের মামলা প্রত্যাহারের দাবি জানানোয় সংগঠনটির বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গতকাল রোববার আইনজীবী রমজান আলী সিকদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট আহ্বানের পরিপ্রেক্ষিতে ক্যাথেরিন মাসুদ বলেছেন, ‘আমি আমার প্রিয়জনকে হারানোর অপূরণীয় ক্ষতির বিচার চাই। আমার সন্তান তার বাবাকে হারিয়েছে। আমি আমার স্বামীকে হারিয়েছি। এ ঘটনায় দায়ী সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মামলা প্রত্যাহারের জন্য ধর্মঘটের মতো হুমকি এবং বিচারে হস্তক্ষেপের ঘটনায় আমি চরম মানসিক আঘাত পেয়েছি।’