মামলা ডিবিতে, মাহফুজ সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দুই শিশুসহ পাঁচজনকে খুনের মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ সুপার দাবি করেছেন, তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদউদ্দিন গতকাল সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য মামলাটি গত রোববার রাতে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর ৩৬ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে একেবারে সুনির্দিষ্টভাবে বলার মতো সময় এখনো আসেনি। এটার জন্য আমাদের আরও কিছুদিন সময় লাগতে পারে।’
হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া গেছে কি না, জানতে চাইলে এসপি বলেন, ‘আমাদের কাছে এখনো সেটি সুনির্দিষ্ট হয়নি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রহস্য উদ্ঘাটন করার জন্য। উদ্ধার হওয়া বিভিন্ন আলামত, পরীক্ষা-নিরীক্ষা এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য বিষয়ের সঙ্গে বাদীর অভিযোগগুলোও তদন্ত করে দেখা হচ্ছে।’
এই মামলায় গ্রেপ্তার দুজনের একজন মামলার বাদী শফিকুল ইসলামের ভাগনে মাহফুজকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের। তিনি মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. সালাহ্ উদ্দীন প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেছেন, ঢাকায় থাকাকালে মাহফুজ তাঁর মামা শরীফের স্ত্রী লামিয়াকে উত্ত্যক্ত করতেন। তাঁর উত্ত্যক্তের কারণে তাঁরা ঢাকার বাসা ছেড়ে নারায়ণগঞ্জে চলে আসেন। এখানেও মাহফুজ মামিকে উত্ত্যক্ত করেন। এই বিষয়টি লামিয়া তাঁর স্বামী শরীফকে জানান। এতে মাহফুজ ক্ষিপ্ত হন। এই কারণে বাদীর সন্দেহ মাহফুজসহ অজ্ঞাত দুষ্কৃতকারীরা মিলে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
গত রোববার সকালে দায়ের করা মামলায়ও এই বিষয়টি উল্লেখ করেন শরীফের ভাই শফিকুল ইসলাম। গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার বাসা থেকে শফিকুলের স্ত্রী তাসলিমা বেগম, তাঁর ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল এবং শরীফের স্ত্রী লামিয়ার লাশ উদ্ধার করা হয়।
মামলার এজাহারে লামিয়াকে উত্ত্যক্ত করার বিষয়টি ছাড়াও আর্থিক লেনদেন নিয়ে একটি বিবাদের কথা উল্লেখ করেন শফিকুল। এজাহারে তিনি বলেন, তাঁর স্ত্রী তাসলিমার কাছে ঢাকার কলাবাগান এলাকার নাজমা, শাহজাহানসহ আরও কয়েক ব্যক্তি আনুমানিক ১২ লাখ টাকা পেতেন, যা মাসিক চক্রবৃদ্ধি হারে সুদে নেওয়া ছিল। পাওনা টাকা আদায়ের জন্য পাওনাদারেরা প্রায়ই বাসায় এসে হুমকি দিতেন। তাসলিমার ভাই মোরশেদুলের কাছেও ব্যবসায়িক কারণে অনেকে টাকা পেতেন।