সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) উত্তীর্ণ শিক্ষার্থী শাহিন খান (২০) ও তাঁর বড় ভাই শামীম খানের (২২) হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও সব আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ওই মামলার তদন্তের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন-শামীম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফ ও তাঁর ভাগনে শাকিল মিয়াকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। দুই দিনের রিমান্ডে এনে গত ২২ ও ২৩ আগস্ট তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সৈয়দ তায়েফুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিরা এলাকার প্রভাবশালী লোক। সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকার কারণে পুলিশ আসামিদের ধরছে না।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী মুক্তাদির হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তত্পর রয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাঁদের ছবিসহ নাম-ঠিকানা স্থলবন্দর ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিবিড়ভাবে তদন্ত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে মামলাটি ডিবিতে পাঠানো হয়েছে।
গত ৩ আগস্ট রাতে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে শাহিন ও শামীমকে ৮-১০ জনের একদল যুবক নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনতার সহায়তায় পুলিশ আবদুর রউফ, তাঁর ছেলে মাহবুবুর রহমান ও ভাগনে শাকিলকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় নিহতদের বড় ভাই শাকিল খান বাদী হয়ে পরদিন আট ব্যক্তির নাম উল্লেখ করে থানায় মামলা করেন।