নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় আধিপত্য বিস্তার এবং কোরবানির পশুর হাটের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক। ওসি জানান, কনস্টেবল রুবেল মাহমুদ হত্যার ঘটনায় এ পর্যন্ত জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তাঁর সহযোগী কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার বাদী নিহত কনস্টেবল রুবেল মাহমুদের বড় ভাই কামাল হোসেন বলেন, ‘মামলার ১২ দিনেও পুলিশ মামলার প্রধান আসামি সাইফুল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিপক্ষের লোকজন আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মামলাটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
১ সেপ্টেম্বর মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকার রাধানগরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কনস্টেবল রুবেল মাহমুদ নিহত হন।