সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন শনাক্ত হওয়ায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান ও এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করা হয়।
তেলের আড়ালে কোকেন আমদানির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে গতকাল রোববার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদকে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে অধিদপ্তর।
শনিবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর থানার এসআই মো. ওসমান গণি বাদী হয়ে মামলা করেন। তিনি জানান, প্রাথমিকভাবে খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফাকে আসামি করে মামলা করা হয়েছে। তদন্তে এ চালানটি আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাঁদেরও মামলার আসামি করা হবে।
পুলিশ জানায়, ৬ জুন চালানটি জব্দ করার পাশাপাশি খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম শ্রিম্প হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে রয়েছেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তানভীর আরাফাত জানান, গোলাম মোস্তফাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।