মামলা, তদন্ত কমিটি গঠন, ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের একজন কর্মকর্তাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
গত শুক্রবার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন সরকার বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির নেতা বিল্লাল হোসেনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া তাঁর ছেলেমেয়েসহ বিএনপির ৪৫ জন কর্মী-সমর্থককে মামলায় আসামি করা হয়েছে। এ মামলায় শুক্রবার রাতে আটক হওয়া সাতজন নারীসহ আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্র ও এলাকার অনেকে জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঙ্গে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল্লা মিয়ার বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে রাত আটটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ও এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের আট সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় বিল্লালের নেতৃত্বে তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালান। তাঁরা পুলিশের সদস্য আল আমিন মিয়া ও শাহজাহান মিয়াকে রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে পুলিশের ওই দুই সদস্য মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁরা আল আমিন মিয়ার কাছ থেকে শটগান লুট করে নিয়ে যান। এ ছাড়া তাঁরা শরীফুলকে পিটিয়ে আহত করে তাঁর ব্যবহূত ওয়াকিটকি নিয়ে যান। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বিল্লাল ও তাঁর সহযোগীরা পলাতক। লুট হওয়া শটগানটি গতকাল ভোরে একটি সরিষাখেত থেকে উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সকালে আওয়ামী লীগ নেতা শহীদুল্লা মিয়ার নেতৃত্বে দলের ৫০-৬০ জন কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে ফতেহপুর গ্রামে তাঁর প্রতিপক্ষ বিএনপির নেতা বিল্লাল হোসেনের সমর্থকদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় ভয়ে বাড়ির নারী সদস্যরা শিশু-সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে যান। আওয়ামী লীগের কর্মীরা প্রথমে বিএনপির কর্মী শাহিদা বেগমের বাড়িতে ভাঙচুর, হামলা ও লুটপাট চালান। পরে তাঁরা একে একে বিএনপির কর্মী আবদুল বাতেন, রোস্তম আলী, আবু হানিফা, ইসমাইল হোসেন, শফি উদ্দিন ও মোসলেহ উদ্দিনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। যোগাযোগ করা হলে শহীদুল্লা বিএনপির কর্মীদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন।
পুলিশ সূত্র জানায়, সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমানকে গতকাল জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি)।