মামলা তদন্তের দায়িত্ব পেল সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সিআইডির কর্মকর্তারা গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১২ জন শ্রমিক প্রাণ হারান। আহত হন শতাধিক। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল মামলা তদন্তের দায়িত্ব পান। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা না হলেও তাজরীন ফ্যাশনসের প্রশাসনিক কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, ভান্ডাররক্ষক হামিদুল ইসলাম ও নিরাপত্তা সুপারভাইজার মো. আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সূত্র জানায়, প্রায় দেড় মাস পর সিআইডিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মনসুর আলী মণ্ডল মামলাটি তদন্ত করবেন। তাঁকে সহায়তার জন্য চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এই দলে আরও আছেন পরিদর্শক আবু বক্কর সিদ্দিকী, কৌশিক আহাম্মেদ, উপপরিদর্শক আবু বক্কর ও আহসান উল্লাহ।সূত্র জানায়, তদন্তের দায়িত্ব পেয়ে গতকাল সকালে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, উপমহাপরিদর্শক সাইফুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার আবু সুফিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানায় যান। তাঁরা তাজরীন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের স্বজনসহ বেশ কয়েকজন আহত শ্রমিকের সঙ্গে কথা বলেন। তদন্ত দলের প্রধান মনসুর আলী মণ্ডল প্রথম আলোকে বলেন, তদন্তের সময় তাঁরা আগুন লাগার কারণ, বহির্গমন ও অন্তর্গমন ব্যবস্থা এবং ভবনটি নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখবেন।