মামলা তদন্তের দায়িত্বে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-দোকানি বাবুল মাতবরকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় হওয়া মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্তভার গতকাল দুপুরে শাহ আলী থানা থেকে ডিবির পশ্চিম বিভাগে স্থানান্তর করা হয়েছে।
বাবুলের স্ত্রী লাকি বেগম শুরু থেকে অভিযোগ করে আসছেন, রাজধানীর মিরপুর ১ নম্বরে চিড়িয়াখানার লেকপাড়ে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদা না দেওয়ায় পুলিশের উপস্থিতিতে তাদের সোর্স দেলোয়ার লাথি মেরে বাবুলকে জ্বলন্ত চুলায় ফেলে দেন। সঙ্গে সঙ্গে বাবুলের সারা গায়ে আগুন ধরে যায়। পুলিশ সদস্যরা দাঁড়িয়ে তা দেখেন। তাঁর স্বামীর শরীরে আগুন নেভাতেও বাধা দেন উপস্থিত পুলিশ সদস্যরা। পরে তিনি চিৎকার করে লোকজন ডাকলে সোর্স ও পুলিশ সদস্যরা চলে যান। বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর বৃহস্পতিবার তিনি মারা যান।
এ ঘটনায় বুধবার গভীর রাতেই বাবুলের মেয়ে রোকসানা বেগমকে বাদী করে পুলিশ শাহ আলী থানায় একটি মামলা নেয়। এতে পুলিশের সোর্স ও মাদক ব্যবসায়ীসহ সাতজনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
তবে বাবুলের পরিবারের অভিযোগ, শাহ আলী থানা-পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে তারা তা গ্রহণ করেনি। পরে পুলিশের পছন্দমতো ব্যক্তিদের আসামি করে মামলার এজাহারে রোকসানার সই নেয় তারা।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মামলার নথিপত্র বুঝে পাননি তাঁরা।
সেদিন পুলিশের ভূমিকা তদন্তে গঠিত পুলিশের মিরপুর বিভাগের কমিটি গতকাল রাত পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি। তবে এ ঘটনায় ডিএমপি সদর দপ্তরের আরেক কমিটি গত রোববার কর্তব্যে অবহেলায় অভিযুক্ত করে শাহ আলী থানার তৎকালীন ওসি এ কে এম শাহীন মণ্ডলসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। অভিযুক্ত অপর চার সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান খান ও নিয়াজউদ্দিন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিমউদ্দিন। মমিনুর, নিয়াজউদ্দিন ও দেবেন্দ্র নাথকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত এবং এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বাদ জোহর মিরপুর ১ নম্বর সেকশনের এইচ ব্লকের কিংশুক বস্তিতে বাবুলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
থানায় নতুন ওসি: গতকাল শাহ আলী থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন ডিবির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। গত বৃহস্পতিবার থানার ওসি শাহীন মণ্ডলকে প্রত্যাহার করে নেওয়া হয়।