টাঙ্গাইলের মধুপুর গড়ে ইকোপার্কবিরোধী আন্দোলনের সময় নিহত আদিবাসী তরুণ পীরেন স্নালের মৃত্যুবার্ষিকী ছিল গত রোববার। হত্যাকাণ্ডের ছয় বছরেও মামলাটি তালিকাভুক্ত হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার ও আদিবাসী নেতারা। আদিবাসী নেতারা জানান, ২০০৪ সালের ৩ জানুয়ারি মধুপুর গড়ের আদিবাসীরা ইকোপার্ক প্রকল্পের বিরুদ্ধে মিছিল বের করে। সেই মিছিলে পুলিশ ও বনরক্ষীরা নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জয়েনাগাছা গ্রামের পীরেন স্নাল নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও ২৫ জন আদিবাসী নারী-পুরুষ ও শিশু আহত হয়। পীরেনের বাবা নেজেন্দ্র নকরেক বাদী হয়ে ওই বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহায়তায় টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় টাঙ্গাইলের তত্কালীন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু হানিফ পাটোয়ারী ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আলমসহ পুলিশ ও বন বিভাগের নয়জন কর্মকর্তাকে আসামি করা হয়। ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ওই বছরের ১৭ নভেম্বর আদালতে ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমানের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে তিনি উল্লেখ করেন, ‘পীরেন নিহত হওয়ার ঘটনায় পুলিশ ও বনরক্ষীরা দায়ী নয়।’ পীরেনের বাবা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওই দিনই আদালতে নারাজি আবেদন করেন। ২০০৭ সালের ২৮ জুন টাঙ্গাইল ‘খ’ অঞ্চল আমলি আদালতের বিচারক দেওয়ান মাহমুদুল হক শুনানি শেষে মামলা রেকর্ড করার জন্য মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু থানা কর্তৃপক্ষ তা রেকর্ড না করে ‘আইনের জটিলতার’ অজুহাতে আবার আদালতে পাঠিয়ে দেয়। ব্লাস্টের পক্ষে এই মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ফজলুর রহমান খান জানান, থানা থেকে মামলাটি আদালতে ফেরত পাঠানোর পর ওই মামলার আসামি বনপ্রহরী গোলাম মোস্তফা ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করেন। আদালত পীরেন হত্যার পর পুলিশের দায়ের করা মামলা ও পীরেনের বাবার মামলা একত্র করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু প্রায় আড়াই বছর অতিক্রান্ত হলেও সেই মামলা দুটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, তিনি নতুন এসেছেন। তাই এই মামলার তদন্ত সম্পর্কে কিছুই জানেন না। খোঁজখবর নিয়ে খুব দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। পীরেনের বাবা নেজেন্দ্র নকরেক ও বেশ কয়েকজন সাক্ষী জানান, আড়াই বছরে পুলিশ তাঁদের কাছে সাক্ষ্য নেওয়ার জন্য আসেনি। মামলাটি হিমাগারে পড়ে আছে। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি অজয় এ মৃ বলেন, ‘আইনের মারপ্যাঁচে এখনো ঝুলে আছে মামলাটি। আমাদের কি হত্যার বিচার পাওয়ার অধিকার নেই?’