দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলা তুলে না নেওয়ায় আসামিরা এক গৃহবধূকে কুপিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেন, স্বামীর অনুপস্থিতির সুযোগে এক বছর ধরে আবুল কাশেম নামের গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় কাশেম তাঁকে হুমকি দিতেন। ২০১১ সালের ১৯ অক্টোবর রাতে কাশেম বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় গৃহবধূ নবাবগঞ্জ থানায় মামলা করেন। এর পর থেকে কাশেম গৃহবধূ ও তাঁর স্বামীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতেন।গত ৩০ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা কাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পর তিনি আরও ক্ষিপ্ত হন। ১০ ও ১৩ মে রাতে কাশেম ও তাঁর সহযোগীরা ওই গৃহবধূর এক বিঘা জমির ধান পুড়িয়ে দেয়। ১৫ মে রাতে ওই ঘটনায় নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা করে বাড়ি ফেরার সময় কাশেম, তাঁর ভাতিজা রুবেল, শফিকুলসহ কয়েকজন ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে তাঁকে জখম করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান কাশেম ও তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।