জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় দুর্বৃত্তদের পিটুনিতে নিহত হয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কর্মী শরিফুল ইসলাম। এ ঘটনায় করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাঁর ভাই ও মামাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার শরিফুলের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।আহত দুজন হচ্ছেন নিহত শরিফুলের ভাই শফিকুল ইসলাম (৩০) ও মামা মফিজুল হক (৩৫)। তাঁদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। পরদিন সকালে উপজেলার গনসারহাট বাজারে শরিফুলকে পিটিয়ে হত্যা করা হয়। শরিফুল উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের আবদুল মালেকের ছেলে। এ নিয়ে নিহতের মামা হোসেন আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ জানায়, গতকাল সকালে শফিকুল বাড়ির অদূরে তেলিপাড়া এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে তাঁকে ঘিরে ধরে। দুর্বৃত্তরা জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলাটি তুলে নিতে চাপ দেয়। মামলা তুলে না নিলে শরিফুলের মতো তাঁদেরও হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। একপর্যায়ে তারা শরিফুলকে মারপিট শুরু করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও তাঁর মামা মফিজুল এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মফিজুল আহত হন।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।