মামলা তুলে নিতে তদন্ত কর্মকর্তার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলস্টেশনে পুলিশের মারধরে মুক্তিযোদ্ধা মো. আবদুল বারীর (৬০) মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী ও নিহত ব্যক্তির বড় ছেলে শাহ মো. মিজানুর রহমান গতকাল বুধবার জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
মিজানুর রহমান বলেন, ‘রেলওয়ের চার সদস্যের তদন্ত দলের প্রধান রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. সফিকুর রহমান বুধবার দুপুের মুঠোফোনে রেলওয়েতে চাকরি ও মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। এ সময় তিনি মামলা তুলে না নিলে উল্টো ফলও হতে পারে বলে হুমকি দেন।’ তিনি বলেন, একটি তদন্ত দলের প্রধান যদি মামলা তুলে নিতে হুমকি দেন, তাহলে ওই তদন্ত নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকে না। তিনি রেলওয়ের তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
এ ব্যাপারে কথা বলতে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. সফিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এর আগে আবদুল বারীর মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর জিআরপি থানার সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদারসহ চারজনের বিরুদ্ধে ওই থানাতেই মামলা করেন মিজানুর রহমান। এ ঘটনায় রেলস্টেশনের টিকিট চেকার আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন জিআরপি থানার সহকারী উপপরিদর্শক সোহরাব আলী ও কনস্টেবল তপন বড়ুয়া।
মামলা, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার জামালপুর রেলস্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মারধরে মুক্তিযোদ্ধা আবদুল বারী মারা যান।