ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসাছাত্র মো. হীরা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্যবসায়ী শাহীন মিয়া হত্যা মামলার দুই তদন্ত কর্মকর্তা (আইও) মামলা তুলে নিতে দুই বাদীকে চাপ দিচ্ছেন। গতকাল শুক্রবার কেরানীগঞ্জে মানববন্ধন ও সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনের সময় নিহত দুজনের দুই বাবা ওই অভিযোগ করেন।
হীরার (১১) খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে হীরার পরিবারের সদস্য ছাড়াও শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
হীরার বাবা বোরহান মোড়ল বলেন, ‘আমার ছেলের হত্যা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আসামিদের লোকজন হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। মামলার আইও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার মামলা প্রত্যাহারের জন্য আমাদের একাধিকবার থানায় ডেকে নিয়ে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা সই দেই নাই।’
এ ব্যাপারে এসআই হানিফ বলেন, ‘মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হীরার বাবা-মাকে ডেকে এনেছিলাম। সাদা কাগজে সই নেওয়ার চেষ্টার অভিযোগ সত্য নয়।’
হীরা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী এলাকার জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ত। ১৪ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার অধ্যক্ষের ব্যক্তিগত শৌচাগারে হীরার লাশ পাওয়া যায়। হীরা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওই দিনই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদকে পুলিশে দেওয়া হয়। পরে তাঁকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন হীরার খালা কোহিনূর বেগম। এরপর আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে গতকাল সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত শাহীনের (৩১) বাবা ও মামলার বাদী আবুল হাসেম বলেন, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মীরেরটেক বাজারে তাঁর ছেলে শাহীনের মালিকানাধীন প্রিন্স স্টুডিওতে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে শাহীনকে জবাই করে হত্যা করেন এলাকার মাসুদ রানা ও আতাউর রহমান। পরদিন তিনি মাসুদ ও আতাউরকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই আজিজুল হক ওই দুই আসামির কাছ থেকে ঘুষ নিয়ে কাউকে গ্রেপ্তার করেননি। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এসআই আজিজুল আসামিদের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে তাঁকে বিভিন্ন সময় হুমকি দেন। গত সপ্তাহে আতাউর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তাঁকে হুমকি দিয়ে বলেন, মামলা না তুললে শাহীনের মতো তাঁকে ও তাঁর ছোট ছেলে জুয়েলকে হত্যা করা হবে। এ বিষয়ে গতকাল তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগের ব্যাপারে এসআই আজিজুল বলেন, ‘আসামিদের সঙ্গে আমার কোনো ঘুষের লেনদেন হয়নি। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।’