মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা নিহত ব্যক্তিদের স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। সিঙ্গাইর উপজেলার চরপল্টন গ্রামে গত ২৯ অক্টোবর রাতে দুই যুবক খুন হন। তাঁরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢালিকান্দি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আবুল কালাম (২৫)। তাঁরা দুজনেই ছিলেন রংমিস্ত্রি। পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানা যায়, প্রায় ১০ বছর আগে সিঙ্গাইর উপজেলার চরপল্টন গ্রামের এক মেয়েকে বিয়ে করেন বিপ্লব। দাম্পত্য কলহের জের ধরে ছয় মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এর পরও তাঁদের মধ্যে মুঠোফোনে প্রায়ই কথা হতো। মেয়েটির ফোন পেয়ে ২৯ অক্টোবর রাত আটটার দিকে বিপ্লব তাঁর সঙ্গী আবুল কালামকে নিয়ে চরপল্টুন গ্রামে সাবেক শ্বশুরবাড়িতে যান। পরের দিন ৩০ অক্টোবর সকালে ওই গ্রামের একটি খেত থেকে বিপ্লব ও কালামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিপ্লবের মা হালিমা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, পূর্বশত্রুতার জের ধরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢালিকান্দি গ্রামের সেলিম হোসেন (২৬), সিঙ্গাইর উপজেলার শরীফ হোসেন (৩২) ও ফারুক (৩৬) বিপ্লব ও কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই মামলায় বিপ্লবের সাবেক স্ত্রী ও শ্বশুরকেও আসামি করা হয়। এ নিয়ে গত ৩১ নভেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী বলেন, ৩০ অক্টোবর আসামি সাবেক স্ত্রী ও তাঁর বাবাকে এবং ১০ নভেম্বর ফারুককে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।