মামলা তুলে নিতে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় গৃহবধূ ইয়াছমীন হত্যা মামলার মূল আসামি আবদুল কুদ্দুছকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বর্তমানে কুদ্দুছসহ আসামিরা বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। অন্যথায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় ১৭ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী আবদুল আলম।
জানা গেছে, গত বছর ডিসেম্বর মাসে পদুয়া ইউনিয়নের হানিফারচর গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুছের সঙ্গে একই গ্রামের দিনমজুর মো. জাফরের মেয়ে ইয়াছমীন আক্তারের বিয়ে হয়। বর্তমানে তাঁদের এক মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকে ইয়াছমীনের কাছ থেকে দুই লাখ টাকার যৌতুক দাবি করে আসছিলেন স্বামী কুদ্দুছ। কিন্তু দিনমজুর মো. জাফর ওই টাকা দিতে ব্যর্থ হওয়ায় ইয়াছমীনের ওপর নির্যাতন শুরু করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোক। ইতিমধ্যে একই গ্রামের কোহিনূর আকতার নামে এক মেয়েকেও বিয়ে করেন কুদ্দুছ। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর কুদ্দুছসহ পরিবারের অন্য সদস্যরা মিলে ইয়াছমীনের ওপর শারীরিক নির্যাতন চালান। গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে ইয়াছমীনের বড় ভাই আবদুল আলম বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর স্বামী আবদুল কুদ্দুছ, শাশুড়ি রাবেয়া বেগম, শ্বশুর আবদুল হাই এবং কুদ্দুসের দ্বিতীয় স্ত্রী কোহিনূর আকতারকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাবেয়াকে গ্রেপ্তার করলেও কুদ্দুছসহ অন্যরা এখনো পলাতক রয়েছেন।
আবদুল আলম ও তাঁর বাবা মো. জাফর অভিযোগ করেন, আসামিরা দিনের বেলা পালিয়ে বেড়ালেও রাতের বেলা বাড়িতে এসে মামলাটি প্রত্যাহারের জন্য ভয়ভীতি দেখাচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ফলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম জানান, কুদ্দুছ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় নানা অপকর্মে লিপ্ত। যৌতুকের কারণে ইয়াছমীনের ওপর শারীরিক নির্যাতন চালান তাঁরা। পুলিশ আন্তরিক হলে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এলাকাটি দুর্গম হওয়ায় একটু সময় লাগছে।