মামলা তুলে নিতে বাদীকে হুমকি
গাইবান্ধা সদর উপজেলার নাপিতপাড়া গ্রামের সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি ভাঙচুরের মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাদী সুন্দরী বালা বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, উপজেলার কুপতলা ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের সুন্দরী বালার (৯৯) কাছে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২১ এপ্রিল দুই লাখ টাকা চাঁদা অথবা দুই বিঘা জমি দাবি করেন। এতে সুন্দরী অপারগতা জানালে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করে। ঘটনার দুই দিন পর সুন্দরী বালা গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। বিএনপি নেতা সাইদুল ও রফিকুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় লোক অপপ্রচার চালাচ্ছে।’