মামলা তুলে নিতে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা তুলে নিতে বাদীকে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছেন আসামি মোহামঞ্চদ হোসেন। ফলে বাদী পক্ষ সপরিবারে পালিয়ে বেড়াচ্ছে অন্যত্র।প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ মোহামঞ্চদ হোসেনকে ধরছে না বলে অভিযোগ বাদী পক্ষের। স্থানীয় লোকজন জানান, বিদ্যুৎ বিল ভাগাভাগি নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের বাঘখাইয়াবাড়ির মৃত সামশুল আলমের ছেলে মোহামঞ্চদ হোসেন গত ১৯ জুলাই দিবাগত রাত সাড়ে নয়টায় তাঁর জেঠাতো ভাই মো. আবু বক্কর (৩৫), আবু সাঈদ (৩২) তাঁদের স্ত্রী কামরুন্নাহার (২৮) ও ডেজি আকতারকে কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। খবর পেয়ে রাত তিনটায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। রাঙ্গুনিয়া থানা সূত্র জানায়, আবু বক্করের স্ত্রী কামরুন্নাহার প্রাথমিক চিকিৎসা পর ২২ জুলাই রাতে বাদী হয়ে এ ব্যাপারে মোহামঞ্চদ হোসেনসহ দুইজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। আসামিরা পলাতক থাকায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কামরুন্নাহারের বড় বোন আয়েশা পারভিন জানান, আসামি মোহামঞ্চদ হোসেন ও তাঁর সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য মুঠোফোনে কামরুন্নাহারকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি তাঁদের পাশে থাকায় তাঁকেও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানান তিনি।