মামলা তুলে নিতে বাদীকে হুমকি থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিতে স্কুলছাত্র স্বাধীন আহমেদ ওরফে শুভ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে শুভর মা রহিমা বেগমকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রহিমা বেগম গত শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে রহিমা বেগম উল্লেখ করেন, গত ১৪ জুন রাতে পাগলার রেললাইন বটতলা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর ছেলে শুভ নিহত হয়। গুলিবিদ্ধ হয় তাঁর আরেক ছেলে সোহাগ ও শুভর সহপাঠী বাদল হোসেন। ওই ঘটনায় তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার আসামি সোহেল ওরফে ফাইটার সোহেল, রুবেল, রবিউল, এমরান এবং তাঁদের আশ্রয়দাতা স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী হোসেন ও তাঁর সহযোগীরা শনিবার রাতে রহিমা বেগমের বাড়িতে যায়। সন্ত্রাসীরা রহিমা বেগমকে মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা।জিডিতে রহিমা বেগম তাঁর নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।