মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধাবী এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। মামলার প্রধান আসামি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের এ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আন্ধারীরঝাড় এলাকার দশম শ্রেণীর ওই ছাত্রী গত ২ জুলাই গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা ভূরুঙ্গামারী থানায় আল আমিন, ফারুক, মোত্তালেব, লাবু ও রুবিনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নেওয়ার এক সপ্তাহ পর ওই ছাত্রী বাড়ি ফিরে যায়। ঘটনার পর সব আসামি এলাকা থেকে পালিয়ে যান। এর মধ্যে প্রধান আসামি আল আমিন ছাড়া বাকি চারজন ৮ জুলাই হাইকোর্ট থেকে জামিন নেন। ৭ আগস্ট কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হতে গেলে বিচারক তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আল আমিন ১১ আগস্ট হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন। এলাকায় এসে তিনি ছাত্রীর বাবাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, বিষয়টি মীমাংসা করা না হলে তিনি তাঁদের বড় ধরনের ক্ষতি করবেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার পরও পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেনি।
ওই ছাত্রীর মা জানান, হাসপাতাল থেকে আসার পর লজ্জা ও ভয়ে তাঁর মেয়ে বাইরে বের হয়নি। সে শারীরিক ও মানসিকভাবে এখনো সুস্থ হয়ে ওঠেনি।
আল আমিন ওই ছাত্রীকে ধর্ষণ ও মামলা তুলে নিতে তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান জানান, মামলার অভিযোগপত্র যথাসময়ে আদালতে দাখিল করা হবে।