বরিশালের গৌরনদীতে স্কুলশিক্ষক মো. ফরিদ জমাদ্দারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার উপজেলা বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার বাদী অভিযোগ করেছেন, মামলা তুলে নেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল তাঁকে চাপ দিচ্ছে।এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক ফেডারেশন গতকাল কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে।গতকাল সকাল ১০টার দিকে দক্ষিণ নাঠৈ ঈদগাহ মাঠে জানাজা শেষে দক্ষিণ চাঁদশী গ্রামের পারিবারিক কবরস্থানে শিক্ষক ফরিদের লাশ দাফন করা হয়।নিহত ফরিদের বড় ভাই নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ জালাল জমাদ্দার বলেন, ‘আমার ভাইকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এভাবে যেন আর কাউকে জীবন দিতে না হয়।’ এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার জন্য রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।মামলার বাদী শাহ জালাল অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল তাঁকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা হুমকি দিচ্ছে।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বিকেলে উপজেলার চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি এম আলতাফ হোসেনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক ফেডারেশনের সভাপতি এ কে এম মিজানুর রহমানসহ শিক্ষক নেতারা বক্তব্য দেন। বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজ শনিবার থেকে পাঠদানে বিরত থাকার ঘোষণা দেন তাঁরা।পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদকে (২৮) গত বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন শরীফ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. কাজল হাওলাদারের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পিঙ্গলাকাঠি এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৩৪) ও সাদ্দাম সরদার (২৩) নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।বরিশালের পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য বৃহস্পতিবার রাতে মামলার বাদী, শিক্ষক নেতা ও গণমাধ্যমের কর্মীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসপি বলেন, খুনিরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে।