রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপাড়া গ্রামের আফজালুল হক হত্যা মামলার কোনো আসামিকেই গতকাল সোমবার পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এদিকে মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ জুলাই রাতে আফজালুল হকের ছোট ভাই আবুল হাসান বাড়ির উঠানে ঘুমান। এ সময় একই গ্রামের রেজ্জাকুন হকের ছেলে ইব্রাহীম ঘুমন্ত আবুল হাসানের শরীরে পানি ঢেলে দেয়। এ নিয়ে ইব্রাহীমের সঙ্গে আফজালুল হকের হাতাহাতি হয়। খবর পেয়ে ইব্রাহীমের বাবা রেজ্জাকুন, চাচাতো ভাই রাজা মিয়া, আবুল কাশেম মিয়া, আবু বক্করসহ সাতজন লোক ঘটনাস্থলে গিয়ে আফজালুলকে লাঠিসোঁটা দিয়ে পেটান। সৈয়দপুর হাসপাতালে নেওয়ার পথে আফজালুলের মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন আফজালুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে ওই ব্যক্তিরাসহ সাতজনকে আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য নুরুন্নাহারকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, ‘মুইতো গরিব, ওমরা (আসামি) তালেবার। এই জন্যে মোক মামলা তুলি নিবার জন্যে হুমকি দেয়ছে। কাইল (রোববার) রাইতোত ইব্রাহীমের বাপ রেজ্জাকুন ও রাজা মিয়া, কাশেম মিয়া মোক বাড়িত আসি কইছে যা হবার হইছে, তোর স্বামীক তো আর ফেরত পাবার নইস। তার চেয়া টাকা নিয়া মামলা কোনা মীমাংসা করেক। তাতে তুইও বাঁচবু হামরাও বাঁচমো। না হইলে তোর স্বামীর মতো তোকও মারি ফেলামো।’ অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য আসামিদের বাড়িতে গিয়ে তাঁদের কাউকেই পাওয়া যায়নি। ইব্রাহীমের মা আরজিনা খাতুন বলেন, ‘তিন দিন থাকি তো মোর স্বামী, ছেলে, ভাতিজারা লুকি আছে। ওক ফির ভয় দেখাইল কায়?’এ ব্যাপারে তারাগঞ্জ থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।