মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় তৃতীয় শ্রেণীর ছাত্রী পারভীন আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলা তুলে নিতে আসামিদের পরিবারের সদস্যরা পারভীনের পরিবারকে হত্যাসহ নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পারভীনের মা নুর নাহার গতকাল বুধবার দুপুরে পরশুরাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ডায়েরিতে নুর নাহার উল্লেখ করেছেন, মামলা করার পর এক মাস ধরে আসামি মো. মামুন ও মো. ইমনের পরিবারের সদস্য এবং তাদের সহযোগীরা তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। তারা তাঁর বড় মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের কয়েক জন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়িতে এসে মামলা তুলে নিতে বলে। অন্যথায় বাড়িতে আগুন দিয়ে তাঁর পরিবারের সবাইকে পুড়িয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। তিনি তার বড় মেয়েকে নিয়ে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সাধারণ ডায়েরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম গ্রামের নুর নাহার গত ২৫ জুন তাঁর মেয়ে পারভীন আক্তারকে বাড়ির পাশের দোকানে তেল কিনতে পাঠান। তেল নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা পারভীনকে স্থানীয় একটি বাড়িতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার পরদিন নুর নাহার বাদী হয়ে পরশুরাম থানায় মামলা করেন।পুলিশ মামলার আসামি মো. ইমনকে গত রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে। এর আগে ঘটনার পরদিন অপর আসামি মো. মামুনকে গ্রেপ্তার করা হয়।