মামলা তুলে নিতে বাবা ও ভাইকে হুমকি!
বরগুনার পাথরঘাটায় মামলা তুলে নিতে বাবা মো. জাহাঙ্গীর আলম ও ভাই মো. মনিরুজ্জামানকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছেলে মো. কামরুজ্জামান সোহাগের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাহাঙ্গীর আলম বরগুনার পাথরঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক ও পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামের বাসিন্দা।
জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ছেলে কামরুজ্জামান সোহাগ ৯ ফেব্রুয়ারি জেলহাজত থেকে জামিনে বের হয়। জামিনে এসেই ওই দিন সন্ধ্যায় মামলা তুলে নিতে হুমকি দেয়। একই সঙ্গে আমাকে ও আমার বড় ছেলে মনিরুজ্জামানকে খুন-জখমের হুমকি দেয়। এর আগে আমাদের মারপিট করার ঘটনায় গত ৩০ জানুয়ারি পাথরঘাটা থানায় মামলা করা হয়। ছোট ছেলে কামরুজ্জামান সোহাগ, পুত্রবধূ লিজা আক্তারসহ চারজনকে আসামি করে মামলাটি করা হয়। মামলার পর থেকে আমার স্ত্রী রাবেয়া বেগমও হুমকি-ধামকিতে ভয়ে তটস্থ রয়েছেন। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি পাথরঘাটা থানায় জিডি করা হয়।’
অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান সোহাগ বলেন, ‘কোনো ছেলে তার বাবা ও ভাইকে মারধর করতে পারে? তা ছাড়া আমার ঘরেও তাঁরা ভাঙচুর করেছেন।’