মামলা তুলে নিতে বিবাদীর পক্ষ নিয়ে বাদীকে হুমকি দিচ্ছেন দুই এসআই!
মুন্সিগঞ্জে সদর থানা ও মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দুজন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিবাদীর পক্ষ নিয়ে মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার রিকশাচালক আওলাদ হোসেন (৬০) জানান, পাঁচ বছর আগে তাঁর মেয়ে আমেনা আক্তারের সঙ্গে একই গ্রামের নূর উদ্দিনের বিয়ে হয়। প্রায় এক মাস আগে স্বামী ও শাশুড়ি আমেনাকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করেন। আহত অবস্থায় আমেনা তাঁর বাড়িতে চলে আসেন। এ ঘটনায় আমেনা ১৩ ডিসেম্বর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। এতে নূর উদ্দিন ও তাঁর মা নূরজাহান বেগমকে আসামি করা হয়। ১৭ ডিসেম্বর পুলিশ নূর উদ্দিনকে গ্রেপ্তার করে। আওলাদ অভিযোগ করেন, ১৯ ডিসেম্বর সদর থানার এসআই হুমায়ুন ও মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন সাদা পোশাকে তাঁর বাড়িতে যান। তাঁরা চুরির অভিযোগের কথা বলে তাঁকেসহ তাঁর স্ত্রী জাহানারা বেগম, মেয়ে আমেনা ও নাতি মোনালিসাকে ধরে নিয়ে থানায় আটকে রাখেন। এ সময় মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হয়। রাত ১২টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আওলাদ হোসেন আরও জানান, তাঁরা ২০ ডিসেম্বর জ্যেষ্ঠ সহকারী মুখ্য বিচারিক হাকিম রবিউল আলমের কাছে বিষয়টি তুলে ধরেন। আদালত তা তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার (এএসপি) নাঈমা সুলতানাকে নির্দেশ দেন। আমেনা বলেন, ‘দারোগা হুমায়ুন এখনো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমরা এএসপি নাঈমা সুলতানাকে জানিয়েছি।’ এএসপি (সদর সার্কেল) নাঈমা সুলতানা জানান, আদালতের নির্দেশে তিনি বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিযোগ প্রসঙ্গে এসআই হুমায়ুন কবির বলেন, ‘আমি দুই পরিবারকে মিলিয়ে দিতে গিয়েছিলাম।’ তবে আওলাদ হোসেনের পরিবারকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।