সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগের কর্মী আশরাফ আলী ফকির হত্যা মামলার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এজাহারভুক্ত মূল আসামিদের ধরতে পারেনি৷ উল্টো আসামিরা সাক্ষীদের মারধর করে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
গতকাল সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আশরাফ আলীর ছেলে শামীম হোসেন ফকির৷ এ সময় আশরাফ আলীর ভাই মামলার বাদী শাহাজদ্দীন ফকির ও স্ত্রী স্বপ্না খাতুন উপস্থিত ছিলেন৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম বলেন, গত ২৭ এপ্রিল আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল কুদ্দুস ও আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর বাবার ওপর বোমা হামলা চালায়৷ পরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে৷ পরদিন আশাশুনি থানায় ৪২ জনের নাম উল্লেখ করে তাঁর চাচা শাহাজদ্দীন ফকির হত্যা মামলা করেন৷ কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ এজাহারভুক্ত কোনো আসামিকে ধরতে পারেনি৷ আসামিরা হত্যাকাণ্ডের পর ১০-১৫ দিন এলাকা ছেড়ে পালিয়ে ছিল৷ কিন্তু এরপর এলাকায় ফিরে এসে মামলার সাক্ষীদের চিংড়িঘের লুট, মারধরসহ মামলা তুলে নিতে তাঁদের ও তাঁর চাচার পরিবারকে প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে৷ এ ব্যাপারে আশাশুনি থানার পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ আসামিেদর সঙ্গে পুলিশের সখ্য থাকায় কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে শামীম অভিযোগ করেন৷
সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে দাবি জানান তাঁরা৷
এ ব্যাপার মামলার আসামি আওয়ামী লীগের নেতা রুহুল কুদ্দুসের মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া গেছে৷
আশরাফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এ পর্যন্ত তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ অন্য আসামিরা মাঝেমধ্যে চুরি করে এলাকায় আসতে পারে৷ কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না৷ বাদীপক্ষকে বলা হয়েছে তারা এলাকায় এলে জানাতে৷