মুলাদী উপজেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মনির হোসেন রাঢ়ীর বাড়িতে গতকাল মঙ্গলবার সশস্ত্র হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা মনিরের ভাই ও বোনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের ভর্তি করা হয়েছে।সাংবাদিক মনির হত্যা মামলা তুলে না নিলে তাঁর স্ত্রী ও স্বজনদের হত্যা করা হবে, এমন অভিযোগ করে গত সোমবার বরিশালে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে বলে মনিরের পরিবারের অভিযোগ।সাংবাদিক মনিরের স্ত্রী হামিদা বেগম অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক রাঢ়ী আসামিদের কাছ থেকে টাকা নিয়ে মামলা তুলে নিতে তাঁদের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে সোমবার বরিশালে তাঁরা একটি সংবাদ সম্মেলন করেন।হামিদা বেগম জানান, সংবাদ সম্মেলন করায় মালেক রাঢ়ীর নির্দেশে গতকাল সকালে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে মনিরের ছোট ভাই ফিরোজ রাঢ়ী ও বোন পপি আক্তারকে জখম করে। এ ছাড়া তারা ইটপাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিবেশও সৃষ্টি করে।মামলার বাদী মো. জসিমউদ্দিন অভিযোগ করেন, তাঁর ভাইকে প্রকাশ্যে হত্যার পর আসামিরা জামিনে মুক্ত হয়ে এখন তাঁদেরও হত্যার হুমকি দিচ্ছে। আর এতে মদদ দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে গত ৩০ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক রাঢ়ী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসামিরা আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে আমিসহ তারা তিনটি মোটরসাইকেলযোগে ওই বাড়িতে যাই। তখন মনিরের স্ত্রী তাদের ও আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি শুধু দু-একটি কথা বলেছি। কোনো হুমকি দিইনি।’হামলার বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছোহরাব আলী গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।