সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড় ভাটরা গ্রামের গৃহবধূ খুশি বেগম হত্যা মামলার তিনজন আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন গতকাল রোববার নামঞ্জুর করেছেন আদালত। তবে আদালত একজন আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
এদিকে খুশির স্বজনেরা অভিযোগ করেছেন, আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। ফলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গত শুক্রবার তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নিতে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক মোছা. সাদিয়া সুলতানা রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুধু আসামি নূর ইসলামকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত মঙ্গলবার মা খুশি বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী উত্ত্যক্তকারী আবু হানেফ, তাঁর স্ত্রী নিরালা খাতুন, বোন রহিমা খাতুন, ভাই আবদুল লতিফ ও হেলাল উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন খুশির স্বামী কামরুল ইসলাম।
এদিকে গতকাল নিহত খুশি বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর শোকস্তব্ধ মেয়ে ঘুমিয়ে আছে। পাশে তাঁর বড় ভাই শুয়ে আছেন। কথা হয় খুশির বড় বোন রিনা বেগমের সঙ্গে। তিনি অভিযোগ করেন, হানেফের বড় ভাই লোকজন দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মামলা তোলা না হলে খুশির মতো আরও দুজনকে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে।