মামলা তুলে নিতে হুমকি থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সেই ছাত্রীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা রকম হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মেয়েটির মা ও চাচা জীবনের নিরাপত্তা চেয়ে ১০ এপ্রিল তারাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ রাত আটটায় ওই মেয়েটি চুলায় ভাত তুলে দিয়ে ১০০ গজ দূরে পানি আনতে যায়। ফেরার সময় নদীরপার গ্রামের ওমর ফারুক পথ আটকে গামছা দিয়ে মুখ বেঁধে পাশের বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা ২৫ মার্চ তারাগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ৫ এপ্রিল সকালে ওমর ফারুককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। মেয়ের মা অভিযোগ করেন, ‘মামলা তুলি নিবার জন্যে ওমর ফারুকের বাপ-চাচারা মোক ও মোর দেবরোক দিনাও দিনাও ভয় দেখায়ছে।’ মেয়েটির চাচা বলেন, ‘১০ এপ্রিল সকালে ওমর ফারুকের বাপ (বাবা) এনামুলসহ দুইজন মোক রাস্তাত আটক করি কইছে, বেটা তুই বেশি বাড়ছিস। ১০ দিনের মধ্যে মামলা তুলি নিবি, না হইলে তোর কলিজা ফাটে ফেলামো। তোর বিরুদ্ধে মামলা দিমো।’ যোগাযোগ করা হলে ওমর ফারুকের বাবা এনামুল হক বলেন, ‘আমি কাউকে হুমকি দেইনি। এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলব।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।