পাবনার ঈশ্বরদী উপজেলায় যুব-লীগের কর্মী সজল হত্যা মামলার আসামিদের দুই মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য নিহত সজলের স্ত্রী, বাবা ও চাচাকে নানা ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে জীবনের নিরাপত্তা চেয়ে সজলের পরিবারের পক্ষ থেকে গত শনিবার মামলার কয়েকজন আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শহরের গোকুলনগরে নিজ বাড়িতে গত সোমবার এক সংবাদ সম্মেলনে সজলের স্ত্রী শিল্পী খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামীর হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের ধরছে না। উপরন্তু আসামিদের হুমকির কারণে তাঁরা ঘর থেকে বের হতে পারছেন না।যুবলীগের কর্মী সজল গত ১২ নভেম্বর সন্ধ্যায় পাটিকাবাড়িতে তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার পথে খুন হন। এ ঘটনায় সজলের বাবা পরদিন সাঁড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের সদস্য নিহারুল, স্বপন, শহিদুলসহ ১৩-১৪ জনের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর পাবনা বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জাহাঙ্গীর পাশা জানান, আসামিদের এলাকায় পাওয়া যাচ্ছে না। তাই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যুবলীগের নেতা শফিকুল ইসলাম মামলা তুলে নেওয়ার জন্য হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।