মামলা তোলার দাবিতে সোয়ানের শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা তুলে নেওয়ার দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বেলা পৌনে ১২টা থেকে এক ঘণ্টা শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো
মামলা তুলে নেওয়ার দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বেলা পৌনে ১২টা থেকে এক ঘণ্টা শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো

মামলা তুলে নেওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাক কারখানা সোয়ানের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত তাঁরা ওই বিক্ষোভ সমাবেশ করেন।

সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের কয়েক শ পোশাকশ্রমিক বিক্ষোভ মিছিল করে দিলকুশা এলাকার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করতে যান। সেখানে আগে থেকেই ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটক ও আশপাশে পুলিশের পাহারা ছিল। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে শ্রমিকেরা কার্যালয়ের সামনের সড়কের ওপর বসে পড়েন। তাৎক্ষণিকভাবেই বিক্ষোভ সমাবেশ শুরু করেন শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সোয়ানের শ্রমিক শেখ ফরিদ, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।

শেখ ফরিদ বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করা যাবে না। শ্রমিকেরা জানে, তাঁরা কী করতে পারে। শ্রমিকেরা বকেয়া বেতন ভাতা না নিয়ে ঘরে ফিরবে না।’ তিনি অবিলম্বে ইসলামী ব্যাংককে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কাজী রুহুল আমিন ইসলামী ব্যাংককে উদ্দেশ করে বলেন, ‘শ্রমিকদের ঘামে শ্রমে ৩০ বছর ধরে মুনাফা করছেন। শ্রমিকদের আর ঠকাবেন না। রোববারের মধ্যে মামলা তুলে নিতে আদালতে আবেদন করবেন।’

বেলা সাড়ে ১২টার দিকে ঘেরাও কর্মসূচি শেষ করে শ্রমিকেরা প্রেসক্লাবের দিকে মিছিল করে রওনা দেন। সেখানেই বকেয়া বেতন-ভাতা, কারখানা খুলে দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টানা ১২ দিনের মতো অবস্থান কর্মসূচি আবার শুরু করেন।

ইসলামী ব্যাংকের মতিঝিলের স্থানীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মুহম্মদ আবুল খায়ের সোয়ানের শ্রমিকদের বিরুদ্ধে গত জুনে দক্ষিণখান থানায় মামলা করেন। অভিযোগপত্রে বলা হয়, সোয়ান গ্রুপের তিনটি কারখানায় ব্যাংকের অর্ধশত কোটি টাকার ঋণ ছিল। ১ জুন থেকে কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। এর মধ্যেই একদল বিক্ষুব্ধ শ্রমিক কারখানার গুদামে থাকা ৫ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের কাপড়, কাঁচামাল ও সরঞ্জাম নিরাপত্তা দেয়াল ও ছাদ ভেঙে লুটপাট ও চুরি করে নিয়ে যায়।

জানতে চাইলে আন্দোলনকারীদের পক্ষে সোয়ানের শ্রমিক শেখ ফরিদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সোয়ানের মালিক জীবিত থাকা অবস্থাতেই গুদামের ভবনটি সাড়ে পাঁচ লাখ টাকায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাতিজার কাছে বিক্রি করেন। তাঁরাই সেটি দক্ষিণখান থানা-পুলিশের উপস্থিতিতেই ভেঙে নিয়ে যান। তাই ইসলামী ব্যাংক যে অভিযোগে মামলাটি করেছে সেটি সত্য নয়।’

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ বলেন, ‘শ্রমিকেরা গুদামের মালামাল নেয়নি। সোয়ানের মালিক যাদের কাছে বিক্রি করেছেন তাঁরাই নিয়ে গেছেন। আর এই টাকা দিয়েই তো মালিকপক্ষ শ্রমিকদের আগের বেতন দিয়েছিলেন।’ গুদামের মালপত্র সরানোর সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে তিনি দাবি করেন।