মামলা থেকে অব্যাহতি পেলেন লেখক-প্রকাশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে করা মামলা থেকে ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইয়ের লেখক বিশ্বজিৎ সাহা ও বাংলা প্রকাশের স্বত্বাধিকারী মেহেদী হাসানকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোল্যা সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আজ আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে।

নিউইয়র্কে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের চিকিৎসা ও শেষ দিনগুলোর বিভিন্ন ঘটনা নিয়ে ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ নামের একটি বই লেখেন মুক্তধারা ফাউন্ডেশন, নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিৎ​ সাহা। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি বইমেলায় বইটি প্রকাশ করে বাংলা প্রকাশ। পরে ওই বছরের নভেম্বরে মো. ইব্রাহীম নামের এক ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে মামলাটি করেন।

শুনানিতে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আদালতকে বলেন, নিউইয়র্কে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা এবং যে হাসপাতালে হুমায়ূন আহমেদের চিকিৎসা হয়েছে সেই ব্যবস্থাপত্র ও তথ্য-উপাত্তের আলোকে বইটি লেখা হয়েছে। লেখকের নিজস্ব কোনো বক্তব্য বইটিতে উপস্থাপন করা হয়নি এবং মানহানিকর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আইনজীবী বলেন, আইন অনুযায়ী যাঁর মানহানি হয়েছে, সেই ব্যক্তিকেই মামলা করতে হবে। কিন্তু বাদী মো. ইব্রাহীম সংক্ষুব্ধ ব্যক্তি নন। তাই মামলাটি আইনত অচল।

শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে বিশ্বজিৎ সাহা ও মেহেদী হাসানকে অব্যাহতির আদেশ দেন। শুনানিতে অংশ নেন আইনজীবী মানিক রায়।