মামলা থেকে অব্যাহতি 'প্রথম আলো'র মাগুরা প্রতিনিধির
মানহানি ও চাঁদাবাজির মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন ও চ্যানেল নাইনের প্রতিনিধি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন। একই সঙ্গে মামলাটি খারিজ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাকিম ফারাহ মামুন পুলিশ প্রতিবেদন ও মামলা পর্যালোচনা করে ওই আদেশ দেন।
আদালতে গত বছরের ১৫ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন বেসরকারি টেলিভিশন জিটিভির স্থানীয় প্রতিনিধি আরাফাত হোসেন।
আদালত, পুলিশ ও মামলার আইনজীবী সূত্রে জানা যায়, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ গত বছরের ৩০ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে শোকর্যালি ও আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ওই দিন বেলা ১১টার দিকে শহরের এজি একাডেমির সামনে হেলাল হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে জিটিভির প্রতিনিধি আরাফাত হোসেন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। হেলাল তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রেসক্লাবের সদস্যসচিব শরীফ আমিরুল হাসান ও জ্যেষ্ঠ সাংবাদিক মিহির লাল কুরিকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। ওই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে আরাফাত ও ছয়-সাতজন মিলনায়তনের পাশে ডেকে নিয়ে হেলালের ওপর হামলা চালান। স্থানীয় লোকজন আহত হেলালকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে ১ সেপ্টেম্বর হেলাল আরাফাত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। ওই মামলা দায়েরের পর ৩ সেপ্টেম্বর ‘বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ ছাপা হয়। ওই সংবাদ প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর আরাফাত হোসেন বাদী হয়ে কবির হোসেন ও হেলালের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় হেলালকে মারধর করার কথাও স্বীকার করা হয়।
মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মিহির লাল কুরি, আরটিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রাশেদ খান, কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের প্রতিনিধি শামীম আহমেদ খান, এনটিভি, আমার দেশ ও নিউএজের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকসহ সাতজনকে সাক্ষী করা হয়।
মামলা দায়েরের পর কবির হোসেন ও হেলাল হোসেন গত বছরের ২৩ সেপ্টেম্বর একই আদালত থেকে জামিন পান। পুলিশ তদন্ত¯শেষে মামলার অভিযোগ মিথ্যা এবং অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি দেওয়া জন্য গত বছরের ২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
আরোও পড়ুন: