ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো মো. ওয়াহিদ আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি গতকাল রোববার অভিযোগ গঠনের শুনানির পর তাঁদের অব্যাহতি দেন।গতকাল তিন আসামিকে অব্যাহতি দিয়ে হাকিম আদেশে বলেন, আসামিদের প্রতিষ্ঠান জনমত জরিপ করেছে। জরিপে জনমতের জন্য জরিপকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা দায়ী নন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়।আদেশে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো উপাদান নেই বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন আদালতের স্বাভাবিক প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে বিবেচিত হওয়ায় তিনজনকে অব্যাহতি দেওয়া হলো।প্রসঙ্গত, বিচার বিভাগে অনিয়ম নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করে টিআইবি। ২০১০ সালের ২৪ ডিসেম্বর প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। একই বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আইনজীবী মো. মহিউদ্দিন টিআইবির তৎকালীন তিন কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা করেন।টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ দশমিক ৭ শতাংশ মানুষ বিচারালয়ে গিয়ে আইনজীবীদের মাধ্যমে হয়রানির শিকার হয়। জনস্বার্থে জনগণের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে বিচারালয়-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে টিআইবি তাদের ব্যাখ্যায় বলেছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ তাঁরা চালিয়ে যাবেন বলে মামলা হওয়ার পর তৎকালীন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন।